জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি তার পদত্যাগের আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার পর তিনি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
অ্যাবে বলেছেন, স্বাস্থ্যজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান না সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অসুস্থতা বাধা হয়ে দাঁড়াক, তাই তিনি পদত্যাগ করেছেন। মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জাপানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
নিজের স্বাস্থ্যের বিষয়ে সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, তিনি দীর্ঘদিন ধরেই একটি রোগে ভুগছিলেন। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এর আগে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক জরুরি সভায় স্বাস্থ্যগত কারণে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান ৬৫ বছর বয়সী শিনজো আবে। এরপরই দলের পক্ষ থেকে তার ইচ্ছার প্রতি সম্মান জানানো হয় এবং তার আবেদনে সাড়া দেওয়া হয়।
জ্যেষ্ঠ আইনপ্রণেতা ও আবের ঘনিষ্ঠ বন্ধু তমোমি ইনাদা বলেছেন, উত্তরসূরি না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন আবে। ক্ষমতাসীন দলের মধ্যে নির্বাচনে উত্তরসূরি খোঁজা হবে।
শিনজো আবের জায়গা কে নেবেন, সে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। স্বাস্থ্যগত কারণে বেশ কয়েক দিন ধরেই আবের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বেশ কিছুদিন ধরে অসুস্থ আবের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ১৬ আগস্ট সকালে টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবে। ২০১২ সাল থেকে একটানা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০০৬ সালেও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আবে, তবে সে সময় এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেননি।
(এসএএম/২৯ আগস্ট ২০২০)



