টয়োটার গাড়ি নির্মাণ কমেছে ১০ দশমিক ২ শতাংশ

বিনিয়োগবার্তা ডেস্ক: গত জুলাই মাসে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর করপোরেশনের বৈশ্বিক গাড়ি নির্মাণ বছরওয়ারি ১০ দশমিক ২ শতাংশ কমে ৬ লাখ ৯১ হাজার ৯১ ইউনিটে দাঁড়িয়েছে।

সম্প্রতি কোম্পানিটি এ তথ্য প্রকাশ করেছে। খবর কিয়োদো।

খবরে বলা হয়, নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে এ নিয়ে টানা সাত মাস গাড়ি নির্মাণ কমল টয়োটার। তবে জুলাইয়ে গাড়ি নির্মাণ কমার হার গত জুনের ২৪ শতাংশের চেয়ে কম। যুক্তরাষ্ট্র ও চীনে গাড়ির চাহিদা বৃদ্ধির জেরে টয়োটার কার্যক্রমে আরোগ্যের লক্ষণ দেখা দিয়েছে।

গত মে মাসে টয়োটার কারখানা কার্যক্রম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন গাড়ি নির্মাতা জায়ান্টটির গাড়ি নির্মাণ কমেছিল ৫৪ দশমিক ৪ শতাংশ। টয়োটার এক কর্মকর্তা জানান, আমাদের গাড়ি নির্মাণ আগামী মাসগুলোয় ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে।

গত জুলাইয়ে বিদেশের কারখানায় টয়োটার গাড়ি নির্মাণ ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ লাখ ৩৭ হাজার ২৩৪ ইউনিটে দাঁড়িয়েছে। স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) চাহিদা বৃদ্ধিতে গত জুলাইয়ে চীনে গাড়ি নির্মাণ বেড়েছে ৩১ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তায় ভর করে সেখানে গাড়ি নির্মাণ বেড়েছে ১৯ শতাংশ।

জাপানে টয়োটার গাড়ি নির্মাণ ২২ শতাংশ কমে ২ লাখ ৫৩ হাজার ৮৫৭ ইউনিটে দাঁড়িয়েছে। গত জুনের ৪৪ দশমিক ৮ শতাংশ পতনের চেয়ে অবশ্য তা বেশি।

টয়োটা বলছে, গত জুলাইয়ে তাদের বৈশ্বিক গাড়ি বিক্রি ১২ শতাংশ কমে ৭ লাখ ৪৭ হাজার ৩০০ ইউনিটে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা সাত মাস তাদের গাড়ি বিক্রি কমেছে।

(এসআর/এসএএম/২৯ আগস্ট ২০২০)


Comment As:

Comment (0)