চীনের রফতানি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ
বিনিয়োগবার্তা ডেস্ক: গত আগস্ট মাসে চীনের রফতানি পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে। প্রধান বাজারগুলো কভিড-১৯ নিয়ন্ত্রণ নীতিমালা শিথিল করায় আগস্টে রফতানিতে এ চাঙ্গা ভাব দেখা দিয়েছে।
সোমবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি।
খবরে বলা হয়, চিকিৎসাসামগ্রীর বৈশ্বিক চাহিদার ওপর দাঁড়িয়ে চীনের সার্বিক রফতানি বেড়েছে। অভ্যন্তরীণ চাহিদায় জোর দেয়া সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে দেশটির আমদানি সংকুচিত হয়েছে।
চীনের শুল্ক প্রশাসন জানায়, আগস্টে দেশটির রফতানি বছরওয়ারি বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। ব্লুমবার্গের জরিপে যেখানে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।
তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কিছু অঞ্চলে নতুন করে সংক্রমণ হওয়ায় সামনের দিনগুলোয় অর্থনীতি কোন দিকে যাবে তা বলা যাচ্ছে না।
মে মাস থেকে চীনের আমদানি কমতে থাকে। গত মাসে শূন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও অর্থনীতি সংকুচিত হয়েছে ২ দশমিক ১ শতাংশ।
প্রকাশিত উপাত্তে আরো দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি এক-চতুর্থাংশ বেড়েছে।
গত মাসে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা জানুয়ারিতে পৌঁছানো প্রাথমিক ধাপের বাণিজ্য চুক্তি নিয়ে এগিয়ে যেতে সম্মত হয়েছে। এর আওতায় দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে চীন।
(এসএএম/০৮ সেপ্টেম্বর ২০২০)



