১০ ট্রিলিয়ন রুপি ঋণ পুনর্গঠনের পরিকল্পনা ভারতীয় ব্যাংকগুলোর
বিনিয়োগবার্তা ডেস্ক: ভারতে ১০ ট্রিলিয়ন রুপির ঋণ পুনর্গঠন পরিকল্পনা করছে দেশটির ব্যাংকগুলো। যে পাঁচ-ছয়টি খাত এ সুবিধা পাবে তার মধ্যে রয়েছে এভিয়েশন, বাণিজ্যিক আবাসন খাত, আতিথেয়তা খাত; যা কভিড-১৯-এ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পিটিআই।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত সপ্তাহে ব্যাংক ও আর্থিক সংস্থার কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশ দিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এককালীন ঋণশোধের প্রকল্প তৈরি করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে এমনটা মনে করা হয়েছে।
এই অংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা বকেয়া ঋণের ১২-১৫ শতাংশ। এর সিংহভাগটাই হতে পারে করোনা সংকটের জেরে জর্জরিত বিমান, পর্যটন, বাণিজ্যিক আবাসন হোটেলের মতো বিভিন্ন সংস্থা। কারণ করোনার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ ক্ষেত্রগুলো।
অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য হলো, এই কভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের ধাক্কা সামলে যেসব সংস্থা ব্যবসা চালিয়ে যেতে পারবে, তাদের জন্য আগের ঋণ পরিশোধের সহজ বন্দোবস্ত করে দিলে তখন ওই সংস্থাগুলো ধীরে ধীরে সেই টাকা মিটিয়ে দিতে সক্ষম হবে।
এক ব্যাংক কর্মকর্তা বলেন, এতে উপকৃত হবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ঋণদাতা উভয় পক্ষই। সংস্থাগুলো যেমন এখন নিজেদের খরচ বাঁচাতে এবং ভবিষ্যতে ঋণ শোধ করতে টাকা জোগাড়ে মন দিতে পারবে, তেমনি আবার ব্যাংকের এ খাতে কম আর্থিক সংস্থান করলে চলবে। যখন কোনো ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হয়, সেই খাতে ১৫ শতাংশ বরাদ্দ রাখতে হয়।
তাছাড়া যেসব সংস্থা ১০০ কোটি রুপির বেশি ঋণ নিয়েছে, তাদের কিসের মাপকাঠিতে এ সুবিধা দেয়া হবে তা খতিয়ে দেখতে গঠিত হয়েছে কে ভি কামাথের নেতৃত্বে কমিটি। শিগগিরই এ বিষয়ে রিপোর্ট পেশ করার কথা।
(এসআর /৯ সেপ্টেম্বর ২০২০)



