কাবাঘর খুলছে ৪ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দীর্ঘদিন ধরে পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর অবশেষে তা চালু হতে যাচ্ছে। প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘ প্রায় সাত মাস পর আগামী ১ নভেম্বর থেকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সব মুসলমানের জন্য ওমরাহ হজ্ব উন্মুক্ত করে দেওয়া হবে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ৪ অক্টোবর থেকে সৌদি আরবের স্থানীয়দের জন্য ওমরাহ হজ চালু করা হবে। তিনটি ধাপে এটি চালু হতে যাচ্ছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থান করা সৌদি নাগরিক ও অধিবাসীরা ৪ অক্টোবর (১৭ সফর) থেকে ওমরাহ হজ্বে অংশ নিতে পারবেন। প্রথম অবস্থায় উমরাহ হজ্বের মোট ধারণ ক্ষমতার প্রায় ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ছয় হাজার জনকে পবিত্র মসজিদুল হারামে ঢোকার সুযোগ দেওয়া হবে। ওমরাহ হজ্বের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে।
দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ হ্জ্ব করতে পারবে। এই সময়ে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি পবিত্র মসজিদুল হারামে ঢুকতে পারবেন। যা সম্মিলিতভাবে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ।
তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ্ব ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। সে সময় প্রতিদিন ২০ হাজার জন ওমরাহ হাজী এবং ৬০ হাজার ইবাদতকারীকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে, যা মোট ধারণক্ষমতার সমান।
সৌদি আরবে অবস্থানকারীরা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ওমরাহ হজ্বের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।
(ডিএফই/এসআর/২৩ সেপ্টেম্বর ২০২০)



