আয় বাড়ছে জার্মানির ম্যানুফ্যাকচারিং শিল্পের
বিনিয়োগবার্তা ডেস্ক: আইএফও ইনস্টিটিউটের এক ব্যবসা জরিপ অনুযায়ী, সেপ্টেম্বরে জার্মানির ম্যানুফ্যাকচারিং শিল্পের আয় ধীরে হলেও ক্রমোন্নতির দিকে ছিল। বৃহস্পতিবার এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে আইএফও। প্রতিবেদনে বলা হয়, ২ হাজার ২০০ জার্মান কোম্পানির মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, তাদের আয়ের সূচক মে মাসের ঋণাত্মক ৪৩ পয়েন্ট থেকে সেপ্টেম্বরে ঋণাত্মক ৩২ পয়েন্টে এসে দাঁড়ায়। তবে সব মিলিয়ে নভেল করোনাভাইরাসের সংকট এখনো শিল্প কোম্পানিগুলোর ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান আইএফও বিশেষজ্ঞ সাইমন লিটশে। খবর সিনহুয়া।
লিটশে জানান, সেপ্টেম্বরে সবচেয়ে বাজে পরিস্থিতিতে ছিল জার্মানির পোশাক শিল্প। মাসটিতে এ শিল্পের সূচক নেমে যায় ঋণাত্মক ৯৪ পয়েন্টে। বছরওয়ারি ২০২০ সালের প্রথমার্ধে দেশটিতে পোশাক শিল্পের বিক্রি পতন হয় প্রায় ২০ শতাংশ। আগস্টে এ তথ্য জানিয়েছিল জার্মানফ্যাশন। সংস্থাটির দেয়া উপাত্ত অনুযায়ী, কভিড-১৯ মহামারী সামগ্রিকভাবে জার্মানির ফ্যাশন শিল্পকে ‘গভীর সংকটে’ নিমজ্জিত করেছে।
এখন পর্যন্ত জার্মানির পোশাক শিল্পের জন্য সবচেয়ে শক্তিশালী আমদানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। কিন্তু বছরের প্রথমার্ধে দেশটিতে জার্মান পোশাক রফতানিতে পতন হয়েছে প্রায় ১৮ শতাংশ। তবে সেপ্টেম্বরে জার্মান ম্যানুফ্যাকচারিং খাতের জন্য গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পের কিছুটা উন্নতি হয়েছে। এক্ষেত্রে সূচকের উন্নয়ন হয়েছে ঋণাত্মক ৪৮ পয়েন্ট থেকে ঋণাত্মক ২৯ পয়েন্টে।
যদিও দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ভিডিএমএ) জানিয়েছে, দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারে যে আশার সঞ্চার হয়েছিল, তা সামান্য হলেও বর্তমানে সংশয়ের মধ্যে পড়েছে। ভিডিএমএর সদস্যদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮ শতাংশ মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি আশা করছে যে তারা আগামী বছরের শেষের দিকে হয়তো তারা মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে সক্ষম হবে।
(এসআর / ৩ অক্টোবর ২০২০)



