ব্রিটেনের দুই ভাইয়ের আসদা ক্রয়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বৈশ্বিক রিটেইল জায়ান্ট ওয়ালমার্টের মালিকানাধীন ব্রিটিশ সুপারমার্কেট চেইন আসদা ৬৮০ কোটি পাউন্ডে বিক্রি হয়ে গেল দুই ব্রিটিশ বিলিয়নেয়ার ভাইয়ের কাছে।

২ অক্টোবর এক ঘোষণায় মহসিন ও জুবের ইশা ভ্রাতৃদ্বয় জানান, তারা ৮৭০ কোটি ডলার বা ৬৮০ কোটি পাউন্ডে আসদা ক্রয় করছেন। বড় অংকের এ কেনাকাটায় ব্রিটিশ গণমাধ্যমে জায়গা করে নিয়েছেন ইশা ভাতৃদ্বয়।

মহসিন ইশা (৪৯) ও জুবের ইশা (৪৮) এ দুই বিলিয়নেয়ার ব্যবসায়ীর জীবন শুরু হয়েছিল একটি মাত্র পেট্রল স্টেশন দিয়ে। এখন তারা প্রায় ১০টি দেশে অন্তত ৫ হাজার ২০০টি পেট্রল স্টেশনের মালিক। এর বেশির ভাগই ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে। এসব পরিচালনার জন্য তারা প্রতিষ্ঠা করেছেন ইজি গ্রুপ। এ গ্রুপে কাজ করেন ৩৩ হাজারের বেশি কর্মী।

২০০১ সালে ম্যানচেস্টারের বারি এলাকায় একটি মাত্র পেট্রল স্টেশন দিয়ে ব্যবসা শুরু করেন এই দুই ভাই। জাদুর মতো সফলতা আসতে থাকে তাতে। দ্রুত তারা একের পর এক পেট্রল স্টেশন দিতে থাকেন। ফলে পেট্রল রিটেইলার অ্যাসোসিয়েশনের (পিআরএ) চেয়ারম্যান ব্রায়ান ম্যাডারসন তাদেরকে বিস্ময়কর উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, পিআরএর একটি সদস্য ইজি গ্রুপ। মূলত হাই স্ট্রিট পেট্রল আউটলেটগুলো উৎপাদন ও পরিশোধনের দিকে মনোনিবেশ করায় তারা জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়, না-হয় প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এই ফাঁকে এ দুই ভাই এগিয়ে যান সামনে। ওদিকে আসদাসহ সুপারমার্কেটগুলো তাদের পেট্রল স্টেশন স্থাপন করে ক্রেতাদের সুবিধা দিতে থাকে। কিন্তু ইশা ভাতৃদ্বয় তাদের পেট্রল স্টেশনে আরো বেশি সেবা দেয়ার দিকে নজর দেন। ম্যাডারসন বলেন, এর ফলে তাদের সামনে এক অপার সুযোগ সৃষ্টি হয়। মোটরচালকরা বিভিন্ন রকম পানীয় ও গাম কিনতেন দশকের পর দশক ধরে। এখন তাদের দেয়া হয় ফাস্টফুড, কফি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

ইশা ভ্রাতৃদ্বয়ের সর্বশেষ স্টেশন হলো তাদের বসবাসের স্থান ব্ল্যাকবার্নে, যা চার একর জায়গার ওপর স্থাপিত। সেখানে আছে কেএফসি, স্টারবাকস ও গ্রেগস। আছে বিপি ব্র্যান্ডের পেট্রল স্টেশন এবং ইলেকট্রিক চার্জিংয়ের স্থান।

এসব ব্যবসার সঙ্গে জড়িতরা এই দুই ভাইকে মৃদুভাষী ও উদার বলে আখ্যায়িত করেছেন। কোম্পানির শতকরা ৫০ ভাগের মালিক এই দুই ভাই। তারা এর সমান অংশীদার। কোম্পানির বাকি অর্ধেকের মালিক টিডিআর ক্যাপিটাল। তারা ডেভিড লয়েড জিমেরও মালিক। এ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ৮০০ কোটি ইউরো।

২০১৮ সালে বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার পাওয়ার পর ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাত্কারে জুবের বলেন, জ্বালানি বিক্রি হ্রাস পাচ্ছিল। আমরা এমন একটি গন্তব্য সৃষ্টি করতে চাইছিলাম, যেখানে জ্বালানি, খাবার ও কেনাকাটা করা যাবে। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা যখন বাজারে প্রবেশ করছিলাম তখন বড় প্রতিষ্ঠানগুলো বাজার ছাড়ছিল।

ব্রিটিশ দৈনিক সানডে টাইমসের ধনী ব্রিটিশের তালিকায় বলা হয়েছে, এ দুই ভাইয়ের সম্পদের পরিমাণ ৩৫৬ কোটি পাউন্ড। এতে তারা ব্রিটেনের ৪৩তম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। নিজেদের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায় প্রতি বছর সম্পদের শতকরা ২ দশমিক ৫ ভাগ দান করেন ভারতের গুজরাট থেকে আসা মা-বাবার সন্তানদ্বয়। এই দাতব্য সংস্থা থেকে বরাদ্দকৃত অর্থ ব্রিটেনে ও বিদেশে দাতব্য সংস্থায় বিতরণ করা হয়। ২০১৯ সালে এ খাতে দুই ভাই দান করেছেন ২ কোটি পাউন্ড। নিজেদের শহরে তারা কিনেছেন আটটি বাড়ি। তা ভেঙে সেখানে তৈরি করছেন পাঁচটি ম্যানসন।

সর্বশেষ ওয়ালমার্টের কাছ থেকে আসদা ক্রয়ে এগিয়ে আসেন তারা। ১৯৯৯ সালে আসদা ক্রয় করেছিল ওয়ালমার্ট। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত আসদা ব্রিটেনের তৃতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন। সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে দ্বিতীয় প্রান্তিকে আসদার অনলাইন বিক্রি বেড়েছে। গার্ডিয়ান ও বিবিসি অবলম্বনে

(ডিএফই/এসআর/৪ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)