পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছর পদার্থে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। বিজয়ীরা হলেন পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, রেইনহার্ড গেঞ্জেল ও পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, এই তিন বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন বোঝাপড়া সামনে এনেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে এ তিন বিজ্ঞানীকে এ বছরের পদার্থে নোবেলজয়ী ঘোষণা দিয়েছে।

বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে গত বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল জয় করেছিলেন জেমস পিবলস, মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ। এরমধ্যে জেমস পিবলস পেয়েছিলেন পুরস্কারটির অর্ধেক। আর বাকি অর্ধেক পেয়েছিলেন মিশেল মেয়র এবং দিদিয়ের কেলোজ; অর্থাৎ চার ভাগের এক ভাগ করে।

চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।

প্রথা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক প্রদানের কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে এ বছর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ বছর স্টকহোমের কনসার্ট হলে আসবেন না কোনো নোবেলজয়ী। সুইডেনের রাজা কার্ল গুস্তভ কারো গলায় পরাবেন না নোবেল পুরস্কারের সোনালি পদক।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের রাজকীয় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাঁদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। নোবেলজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, মানপত্র ও স্বর্ণপদক পৌঁছে দেওয়া হবে।

আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটে। ১৯৬৮ সালে এ তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

এদিকে আগামীকাল বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও পরের সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে শুধু শান্তির নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে।

(এসআর / ৬ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)