রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন দুই বিজ্ঞানী। বিজয়ীরা হলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন বিজ্ঞানী জেরিফার এ ডৌডানা। জিনোম সম্পাদনার পদ্ধতি আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন দুই বিজয়ীর নাম ঘোষণা করেন।

২০১৯ সালে লিথিয়াম ব্যাটারি নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পেলেছিলেন তিন বিজ্ঞানী। তারা হলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন বি গুডএনাফ, বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের এম স্ট্যানলি এবং মেইজো বিশ্ববিদ্যালয়ের আকিরা ইয়োশিনো। এ পর্যন্ত ১৮৩ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালে রসায়নশাস্ত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার জেতেন আমেরিকার বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের বিজ্ঞানী স্যার গ্রেগরি পি উইন্টার।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।

প্রথা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক প্রদানের কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে এ বছর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ বছর স্টকহোমের কনসার্ট হলে আসবেন না কোনো নোবেলজয়ী। সুইডেনের রাজা কার্ল গুস্তভ কারো গলায় পরাবেন না নোবেল পুরস্কারের সোনালি পদক।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের রাজকীয় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাঁদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। নোবেলজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, মানপত্র ও স্বর্ণপদক পৌঁছে দেওয়া হবে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও পরের সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে শুধু শান্তির নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে।

(এসআর /৭ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)