চীনের জিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সিরামিক মেলা
বিনিয়োগবার্তা ডেস্ক: চীনের জিয়াংশি প্রদেশের জিংদেঝেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সিরামিক মেলা। সিরামিক রাজধানীখ্যাত জিংদেঝেনে এ মেলা অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। মেলায় দেড় হাজারের মতো বুথ থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এখান থেকে ৩০০ কোটি ডলার সমমূল্যের চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে জিয়াংশি প্রাদেশিক সরকার। খবর সিনহুয়া।
এ বছর যৌথভাবে মেলার আয়োজন করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, দ্য চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড, দ্য চায়না লইট ইন্ডাস্ট্রি কাউন্সিল ও প্রাদেশিক সরকার। মেলায় এবার দেশজ সিরামিক কলা প্রদর্শিত হবে। বিশেষ করে গুরুত্ব দেয়া হবে চা সংস্কৃতির ওপরও।
মূলত জিংদেঝেনের সিরামিক শিল্পের ইতিহাস দেড় হাজার বছরেরও বেশি পুরনো। এখানে এ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে ৩০ হাজারের বেশি মানুষ।
(এসআর / ১৩ অক্টোবর ২০২০)



