তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ব্যাংক অব আমেরিকার

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক অব আমেরিকার (বিওএ) মুনাফা ১৫ দশমিক ৮ শতাংশ কমেছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ঋণঝুঁকির বিপরীতে বেশি পরিমাণে সঞ্চিতি সংরক্ষণের কারণে ব্যাংকটির মুনাফায় এ পতন হয়েছে। খবর রয়টার্স।

গতকাল নিজেদের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংক অব আমেরিকা।

এতে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমে ৪৪৪ কোটি ডলারে নেমে এসেছে, যা শেয়ারপ্রতি হিসাবে ৫১ সেন্ট। আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৫২৭ কোটি ডলার। আর শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫৬ সেন্ট।

আগের বছরের চেয়ে কমলেও তৃতীয় প্রান্তিকে ব্যাংক অব আমেরিকার মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আলোচ্য সময়ের জন্য শেয়ারপ্রতি ৪৯ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

এর আগে তৃতীয় প্রান্তিকে প্রত্যাশাতীত মুনাফার তথ্য প্রকাশ করেছে জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৪ কোটি ডলার। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ ডলার ৯২ সেন্ট। আগের প্রান্তিকে নিট মুনাফা ছিল ৯১০ কোটি ডলার। আর শেয়ারপ্রতি মুনাফা ছিল ২ ডলার ৬৮ সেন্ট। বিশ্লেষকরা তৃতীয় প্রান্তিকে জেপি মরগানের শেয়ারপ্রতি ২ টাকা ২৩ পয়সা মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

(এসআর / ১৫ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)