এশিয়া, আফ্রিকা ও ইউরোপের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১২৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা চীনের
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বজুড়ে বন্দর, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১২৪ বিলিয়ন ডলারের উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা নিউ সিল্ক রোড পরিকল্পনা নামে পরিচিত এই প্রকল্প ২০১৩ সালে উন্মোচন করা হয়। খবর বিবিসির।
এই বিশাল বিনিয়োগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য সংযোগ বৃদ্ধি করা হবে।
বেইজিংয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট এ বিনিয়োগের ঘোষণা দেন।
তিনি বলেন, বাণিজ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ইঞ্জিন। বিশাল এই বিনিয়োগের ৯ বিলিয়ন ডলার বা ৬০ বিলিয়ন ইউয়ান উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা হিসেবে দেওয়া হবে।
নিজের বক্তব্যে চীনা প্রেসিডেন্ট ‘নিউ সিল্ক রোড’ খ্যাত এই পরিকল্পনাকে বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তারের পরিকল্পনা নয় বলে পশ্চিমা কূটনীতিকদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এগিয়ে নিয়ে আমরা শত্রু-শত্রু খেলার পুরোনো পথে পরিচালিত হব না। এর বদলে আমরা সহযোগিতা ও দ্বিপাক্ষিক লাভের নতুন মডেল তৈরি করব। আমাদের সবার একটি উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করব এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে সহায়তা করব।
(এসএএম/ ১৬ মে ২০১৭)



