হংকংয়ের জিডিপিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা ডেস্ক: সেপ্টেম্বরে হংকংয়ের আমদানি-রফতানি দুটোই বেড়েছে। এ কারণে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হংকংয়ের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে। আর এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে চীনের অর্থনৈতিক উত্তরণ।

হংকংয়ের ফাইন্যান্সিয়াল সেক্রেটারি পল চ্যান রোববার এ তথ্য জানিয়েছেন। খবর ব্লুমবার্গ।

গত মাসে হংকংয়ের রফতানি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। আমদানি বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। দুই ক্ষেত্রেই বড় অবদান রয়েছে চীনের। হংকংয়ের মোট বাণিজ্যের অর্ধেকই হয় দেশটির সঙ্গে।

আমদানি-রফতানি বাণিজ্যের এই চাঙ্গা ভাবের কারণে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হংকংয়ের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে আগের দুই প্রান্তিকেই জিডিপি সংকুচিত হয়েছিল। চলতি বছরের প্রথম ও দ্বিতীয়— উভয় প্রান্তিকেই হংকংয়ের জিডিপি কমেছে ৯ শতাংশ হারে।

কভিড-১৯ মহামারী মোকাবেলায় এখন পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে হংকং। ভোক্তাদের আস্থা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পল চ্যান জানান, আমদানি-রফতানির পাশাপাশি হংকংয়ের ভোক্তাব্যয়ও উত্তরণের পথে রয়েছে। নাগরিকরা এখন আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করছেন।

(এসএএম/২৭ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)