পাকিস্তানে চীনাদের বিশাল বেতন, বৈষম্যের শিকার নিজ দেশের মানুষ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পাঞ্জাব ম্যাস ট্রানজিট অথরিটি ফর অরেঞ্জ লাইন মেট্রো ট্রেন (ওএলএমটি) প্রকল্পের জন্য চীনা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দেওয়া হচ্ছে বিশাল অংকের বেতন। আর পাকিস্তানি কর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের চীনাদের থেকে কম বেতন দেওয়া হচ্ছে।
নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, বেতনের ক্ষেত্রে এ ধরণের বৈষম্য পাকিস্তানি কর্মীদের মনোবলকে প্রভাবিত করছে। চীনা কর্মীরা ইউয়ানে বেতন পাচ্ছেন। আর স্থানীয়দের দেওয়া হচ্ছে পাকিস্তানি রুপি।
নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বুধবার সিএনওয়াইয়ের মূল্য ছিল ২৪ দশমিক ২ পিকেআর (পাকিস্তানি রুপি)। ফলে ওএলএমটির প্রকল্পে ৯৩ জন কর্মরত চীনাকে উচ্চ বেতন দেওয়া হয়। যদি তাদের এই বেতনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে একই পদে কর্মরত পাকিস্তানিরা কেবল চিনাবাদামের দাম পাচ্ছেন।
তথ্য অনুসারে, চীনা বংশোদ্ভূত ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার/সিএফও/ডিরেক্টরকে এল-২ গ্রেডসহ প্রতি মাসে এক লাখ ৬৩ হাজার সিএনওয়াই দেওয়া হচ্ছে।
ডিজিএম র্যাঙ্কে পোস্ট করা একজন চীনা কর্মকর্তা প্রতিমাসে ৮৩ হাজার সিএনওয়াই পান, যা প্রতি মাসে ১.৯ মিলিয়ন রুপির সমান। অপরদিকে পাকিস্তানি কর্মকর্তা উমর চিশতী, যিনি ডিজিএম সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন, তিনি প্রতি মাসে পান মাত্র ৬ লাখ ২৫ হাজার রুপি।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রযুক্তিবিদ/ট্রেন অপারেটরদের স্লটে প্রায় ৪৩ জন চীনা বংশোদ্ভূত লোককে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ৪৭ হাজার ৫০০ সিএনওয়াই দেওয়া হচ্ছে। যার পরিমাণ ১.১৩ মিলিয়ন রুপি। আর স্থানীয় ট্রেন অপারেটররা পান মাত্র ৬০ হাজার রুপি।
(ডিএফই/০৭ নভেম্বর ২০২০)



