যুক্তরাজ্যের জিডিপি বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাজ্যের জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। খবর ব্লুমবার্গ।
যুক্তরাজ্যে নতুন করে কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব শুরু হয়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সেখানে পুনরায় লকডাউন আরোপ করা হয়েছে, যা ব্যবসা-বাণিজ্যকে ফের স্থবিরতার দিকে ঠেলে দেবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতেই প্রবৃদ্ধির এই অঙ্ক নতুন করে আশা জাগাচ্ছে দেশটিতে।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি পরিসংখ্যান কিন্তু আগের প্রান্তিকের ঠিক বিপরীত। দ্বিতীয় প্রান্তিকে ২০ শতাংশ সংকোচন দেখা গিয়েছিল দেশটির জিডিপিতে। অবশ্য তৃতীয় প্রান্তিকের শেষ মাসে অর্থাৎ সেপ্টেম্বরে মহামারীর দ্বিতীয় জোয়ারের প্রভাব দেখা গেছে। সে মাসে ব্রিটিশ অর্থনীতি সম্প্রসারিত হয়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ, যা গত এপ্রিলের পর সবচেয়ে কম।
শেষ মাসের এই মন্দা ভাবই ব্রিটিশ অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে। মাত্রই তিন শতাব্দীর মধ্যে সবচেয়ে বাজে পতন থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশটি। এ অবস্থায় নতুন দফার লকডাউন অর্থনীতিকে আবার খাদের কিনারে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপিতে বড়সড় প্রবৃদ্ধি হলেও এর আকার এখনো ২০১৯ সালের শেষের দিকের চেয়ে ১০ শতাংশ কম রয়েছে। করোনাপূর্ব সময়ের অবস্থানে ফেরার ক্ষেত্রে জি৭ অর্থনীতিগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।
(ডিএফই/এসএএম/১৪ নভেম্বর ২০২০)



