করোনার নেগেটিভ রিপোর্ট ব্যতীত যাত্রী বহন না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনার নেগেটিভ রিপোর্ট ব্যতীত অন্য দেশ থেকে কোনো যাত্রী বহন না করতে সকল এয়ারলাইনসকে পরামর্শ দিয়েছে কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সেইসঙ্গে এই নিয়ম কঠোরভাবে পালন করতে বলা হয়েছে।

এর ফলে বিদেশ থেকে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনার আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখে যাত্রী পরিবহন করতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা গতকাল রবিবার দিবাগত রাতে এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত কমিটির ২২তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

বিদেশ থেকে আসা যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিতের জন্য কমিটি বিমান, স্থল ও নৌবন্দরসমূহকে রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করার কথা বলেছে। ভুয়া রিপোর্টের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, কোনো কারণে রিপোর্ট ছাড়া কেউ এসে পড়লে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। সেক্ষেত্রে যাত্রীকে খরচ বহন করতে হবে।

কমিটির সুপারিশসমূহ কঠোরভাবে বাস্তবায়ন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অন্যথায় জরিমানা করা যেতে পারে বলেও মত দিয়েছে কমিটি।

কমিটির পক্ষ থেকে সরকারের করোনার ভ্যাকসিন কেনার উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের ভর্তি, চিকিৎসা ব্যবস্থা (বিশেষত, অক্সিজেন সরবরাহ ও হাই ফ্লো ক্যানুলা) নিশ্চিত করা প্রয়োজন। করোনা রোগীদের সেবা নিশ্চিতকরণে বেসরকারি হাসপাতালগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। অথচ করোনার চিকিৎসায় সরকার প্রণীত জাতীয় গাইডলাইন অনেক হাসপাতালেই যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে কমিটি।

কমিটি জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার মাস্ক পরিধানসহ অন্যান্য সামাজিক ব্যবস্থা গ্রহণের যে প্রচার চালাচ্ছে, সেটা অব্যাহত রাখা প্রয়োজন।

(কেএইচকে / ২৩ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)