আরব আমিরাতে ব্যবসার শতভাগ মালিকানা পাবেন বিদেশিরা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিদেশিদের বিনিয়োগকৃত ব্যবসায় শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতদিন দেশটিতে বিদেশি নাগরিকদের ব্যবসা করতে হলে স্থানীয় কোনো পৃষ্ঠপোষককে মালিকানার বেশির ভাগ শেয়ার দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে এক ডিক্রির মাধ্যমে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে বিদেশি মালিকানা সংক্রান্ত একটি আইন প্রণয়ন করে সংযুক্ত আরব আমিরাত। ঐ আইনে বলা হয়, দেশটিতে কোনো কোম্পানির সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারবেন বিদেশিরা। বাকি ৫১ শতাংশের মালিক হবেন আমিরাতের কোনো নাগরিক বা কোম্পানি। ঐ আইনের ৫১টি ধারা সংশোধন করে বিদেশিদের শতভাগ মালিকানার সুযোগ দিয়ে ডিক্রি জারি করা হয়েছে।

আঞ্চলিক ও বিশ্ব পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার চিন্তা থেকেই আইনটি সংশোধন করেছে দেশটির সরকার। আশা করা হচ্ছে, এর মাধ্যমে বিদেশি বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় স্থান হয়ে উঠবে আমিরাত।

প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি আমিরাতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার নতুন নিয়ম প্রযোজ্য হবে। বিদেশিদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমিরাতের নাগরিকদের চেয়ারপারসন হওয়া বাধ্যতামূলক থাকবে না। এমনকি বিদেশি কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে অন্তত একজন আমিরাতি নাগরিক থাকারও প্রয়োজন পড়বে না।

তবে কৌশলগত বাণিজ্যিক খাত হিসেবে পরিচিত তেল, গ্যাস ও পরিবহনের মতো ব্যবসাগুলো নতুন প্রণীত আইনের আওতায় পড়বে না। আগামী ১ ডিসেম্বর থেকে দেশটিতে এই আইন কার্যকর হবে।

(ডিএফই/২৫ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)