আমেরিকানদের চেয়ে অভিবাসীদের প্রাধান্য দিয়ে বিপদে ফেসবুক

বিনিয়োগবার্তা ডেস্ক: আমেরিকার নাগরিকদের সাথে বৈষম্যপূর্ণ আচরণের জন্য ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারা বলছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে আমেরিকানদের চেয়ে অভিবাসীদের বেশি প্রাধান্য দিচ্ছে ফেসবুক— যা আইনত অনুচিত।

মামলার কাগজপত্রে বলা হয়েছে, ফেসবুক দক্ষ ও কাজ করার জন্য প্রস্তুত আমেরিকানদের চাকরি না দিয়ে ২,৬০০ পদে অভিবাসী কর্মীদের নিয়োগ দিয়েছে।

আরো বলা হয়েছে, ফেসবুক যাদেরকে চাকরি দিয়েছে তারা অস্থায়ী ভিসা নিয়ে আমেরিকায় অবস্থান করছেন।

ফেসবুকের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, এবং বলা হয়েছে যে তারা বিচার বিভাগের সাথে বিষয়টি নিয়ে এক সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিচার বিভাগ বলছে, বিদেশি এবং দারুণ দক্ষ কর্মীদের চাকরি দেওয়ার জন্য ফেসবুক এইচ-ওয়ানবি ভিসার সুযোগ কাজে লাগায়।

মামলায় বলা হয়েছে, ফেসবুক ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ ক্যাটাগরির ভিসা প্রাধান্য দিয়েছে, যার মাধ্যমে আমেরিকানদের পরিবর্তে অভিবাসী কর্মীদের নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মার্কিন বিচার বিভাগ বলছে, দুই বছরের তদন্ত শেষে তারা মামলাটি দায়ের করেছে।

বিচার বিভাগের নাগরিক অধিকার শাখার সহকারি অ্যাটর্নি জেনারেল এরিক ড্রেইব্যান্ড সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের বার্তাটি পরিষ্কার: যদি কোনো নিয়োগদাতা অবৈধভাবে কাউকে বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেয়, তাহলে বিচার বিভাগ তাদেরকে দায়ী করবে।”

(কেএইচকে / ৬ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)