বাংলাদেশের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো ওমান
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নতুন করে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান সরকার। সেই পরিপ্রেক্ষিতে মাস্কটগামী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গতকাল সোমবার (২১ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এবং পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত তা বজায় থাকবে।
সরকারি বিমান সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালু হলে ওমান নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে।
এর আগে অপর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ ডিসেম্বর) থেকে ১ সপ্তাহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি আরবের নিষেধাজ্ঞার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়া এবং সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে সৌদি আরব। যার কারণে বিমান বাংলাদেশও দেশটিতে প্রবেশ করতে পারবে না। তবে সৌদি আরবে অবস্থান করা ফ্লাইটগুলো ছেড়ে যেতে কোনো বাধা নেই।
(কেএইচকে / ২২ ডিসেম্বর ২০২০)



