মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ জন নিহত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমারে সামরিক জান্তা সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় শুক্রবার রাতে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিভিবি নিউজ জানিয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া লোকজনের মুক্তির দাবিতে থারকেতা পুলিশ স্টেশনে লোকজন জড়ো হলে পুলিশ বিক্ষোভের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

থাকেতা পৌরসভায় শনিবার ভোর হওয়ার আগেই পুলিশের অভিযানে দু’জন নিহত হয়েছে। অপরদিকে হ্লেইং পৌরসভায় একজনের মাথায় গুলি লাগে। গুলিতে আহত হওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছে।

শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন আটক হয়েছেন বা তাদের মারধর করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে গুরুতর আহত এক ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তিনি শনিবার সকালে গুলিবিদ্ধ হন।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। সেনাবাহিনী এবং পুলিশ বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিলেও পরিস্থিতি শান্ত করা সম্ভব হচ্ছে না। এদিকে, এ পর্যন্ত পুলিশের গুলিতে ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

(ডিএফই/১৩ মার্চ, ২০২১)


Comment As:

Comment (0)