বিবিসির সাংবাদিককে ছেড়ে দিলো মিয়ানমার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:
মিয়ানমারে আটক বিবিসি সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছে। সোমবার বিবিসি’র খবরে এ কথা বলা হয়েছে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) থেকেও এ কথা নিশ্চিত করেছে।
এদিকে, দেশটিতে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকালে ২ হাজার ৬শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহিংস হামলায় এ পর্যন্ত ২৫০ জন নিহত হয়েছে।
গত শুক্রবার রাজধানী নেপিদোতে আদালতের বাইরে সংবাদ সংগ্রহের সাদা পোশাকের লোকজন বিবিসি’র বার্মিজ সার্ভিসের সাংবাদিক অং থাউরাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিবিসি’র ওয়েবসাইটে তাকে মুক্ত করার খবর প্রকাশ করা হয়। তবে, বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে, জান্তা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন সোমবার ১১ জন জান্তা ক্যাডারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ও তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই পদক্ষেপ নিয়েছে।
(ডিএফই/২২ মার্চ, ২০২১)



