ঢাকা-নয়াদিল্লি সফর করবেন জন কেরি, ইসলামাবাদে যাচ্ছেন না
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২২ ও ২৩ এপ্রিল জলবায়ু সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছেন। ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এই সম্মেলন উপলক্ষ্যে তার জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি এশিয়া সফর করছেন। তিনি জলবায়ু সংকট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ, ভারত ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। কিন্তু তিনি পাকিস্তানে সফরে যাচ্ছেন না।
পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, খুবই লক্ষণীয় বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তানে সফর করছেন না জন কেরি। বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।
পাকিস্তানকে বাদ দেওয়ার বিষয়টিতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। উড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এক টুইট বার্তায় বলেছেন, প্রথমে সম্মেলনে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি, এবার জন কেরি জলবায়ু সংকট নিয়ে আলোচনার জন্য ভারত ও বাংলাদেশে গেলেও পাকিস্তান যাচ্ছেন না।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাইডেন প্রশাসন পাকিস্তানকে প্রত্যাখ্যান করছে—এমনটা নয়। মূলত বিশ্বের ৮০ ভাগ কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে এই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভৌগোলিক অবস্থান এবং উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের ক্যাটাগরিতে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আগে কেরির সঙ্গে দুই দফা কথা হয়েছে জানিয়ে বলেন, আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান, জলবায়ু বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলব।
(ডিএফই/০৩ মার্চ, ২০২১)



