মধ্যপ্রাচ্য ও ইউরোপে পবিত্র রমজান শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সোমবার (১২ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। একইভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও।
বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে দ্বিতীয়বারের মতো নানান বিধিনিষেধের মধ্যে রমজান পালন করছেন বিভিন্ন দেশের মুসলিমরা।
আরব নিউজের খবরে বলা হয়, পবিত্র রমজান মাস শুরু হওয়ায় বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। তিনি বলেছেন, ‘বছর ঘুরে আবারও পবিত্র রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে আমরা এই মাসটি পালন করছি, যখন করোনা মহামারিতে বিশ্ব বিপর্যস্ত অবস্থায় রয়েছে।’
একইভাবে ইউরোপের বিভিন্ন দেশেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে রমজান মাস।
এ বছর ইউরোপে পুরোপুরি গ্রীষ্ম শুরু হওয়ার আগেই রমজান শুরু হয়েছে। গতকাল ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালির বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে করোনা পরিস্থিতির কারণে সবই সীমিত পরিসরে করা হচ্ছে।
(ডিএফই/১৩ এপ্রিল, ২০২১)



