করোনার ভয়াল থাবায় প্রাণ গেল আরও সাড়ে ১৩ হাজার মানুষের
বিনিয়োগবার্তা ডেস্ক: করোনার ভয়াল থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ ৩ হাজার।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিকভাবে করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা যায়।
এতে জানানো হয়, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ২৩৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ৮৫ হাজার ৬৭৬ জনের। আর সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৯৪৮ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৮ হাজার ৯২ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে ভারত করোনায় বেশি বিপর্যস্ত। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ১৮০ জন।
করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন।
এছাড়া রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ সংক্রমণ।
(এসএএম/১৫ এপ্রিল ২০২১)



