ভারতের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এক আদেশে রাজ্যের সব বিপনি বিতান, রেস্তোঁরা, সৌন্দর্য সেবা কেন্দ্র, শরীর চর্চা কেন্দ্র, স্পা ও সুইমিং পুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, একাডেমিক ও বিনোদনমূলক কর্মকাণ্ড বা সমাবেশও বন্ধ রাখতে বলা হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে। একদিনেই কভিড-১৯ রোগে মারা যান ৮৯ জন। বেড়ে গেছে আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আদেশে বলা হয়, জরুরি প্রয়োজনের সামগ্রী কিনতে স্থানীয় বাজারগুলো খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা যাবে। ভোট গণনা ও বিজয় মিছিল নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। ওষুধের দোকান, চিকিত্সা সরঞ্জামের দোকান ও হোম ডেলিভারি সার্ভিস এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
কেউ যদি এসব নির্দেশ লঙ্ঘণ করে তবে ভারতীয় দণ্ডবিধির দুর্যোগ মোকাবেল আইন, ২০০৫ এর ধারা ১৮৮ অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারবে স্থানীয় প্রশাসন।
বাজারগুলোতে যথাযথ নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে শনিবার সকাল থেকেই তৎপর রয়েছে রাজ্য পুলিশ। সকাল ১০টার মধ্যে যেন সবজি ও মাছ বিক্রেতারা তাদের দোকান বন্ধ করে দেন, সেটি নিশ্চিত করা হচ্ছে। ক্রেতা-বিক্রেতারা মাস্ক পরে আছেন কিনা তাও নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় বাজারগুলোতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে।
(এসএএম/০১ মে ২০২১)



