পর্যটন খাতের উন্নয়ণে ৫৩ কোটি ডলারের নতুন তহবিল সৌদি আরবের
বিনিয়োগবার্তা ডেস্ক: প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে ২০০ কোটি সৌদি রিয়াল বা ৫৩ কোটি ডলারের একটি নতুন তহবিল গঠন করতে যাচ্ছে সৌদি আরব। বিয়াদ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তহবিলের বিভিন্ন পর্যটন অংশীদারিত্ব কর্মসূচিতে এ অর্থ সরবরাহ করবে সৌদি আরবের পর্যটন উন্নয়ন তহবিল (টিডিএফ)। খবর: অ্যারাবিয়ান বিজনেস।
খবরে জানানো হয়, এ প্রকল্পের আওতায় সৌদি আরবজুড়ে ১১৩টি পর্যটন প্রকল্প উন্নয়ন করা হবে। এছাড়া ২০৩৫ সাল নাগাদ ১৫ বছরের উন্নয়ন কর্মসূচি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনাকে সহায়তা করবে। একইসঙ্গে এ অংশীদারিত্ব কর্মসূচির মাধ্যমে বেসরকারি কোম্পানি, ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকেও পর্যটন খাতের বিশাল সুযোগ গ্রহণে উৎসাহিত করবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
টিডিএফের সিইও কুসাই আল-ফাখরি বলেন, আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ পর্যটন প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করে। এতে পর্যটন খাত আরো শক্তিশালী হয়।
(এসএএম/০৪ মে ২০২১)



