৮০ কোটি ডলারের প্রণোদনা দেবে সিঙ্গাপুর

বিনিয়োগবার্তা ডেস্ক: সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক যাতায়াত ও বাজার ব্যবস্থায় বিধিনিধেষ আরোপ করেছিল সিঙ্গাপুর সরকার। এ নিষেধাজ্ঞার ফলে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্ষতির মুখে পড়েছে তাদের ৮০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর: ফ্রিমালয়েশিয়া টুডে।

সম্প্রতি এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, এ সাহায্য প্রক্রিয়ায় যেসব খাত ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে খাদ্য, পানীয় ও খুচরা পণ্য বিক্রেতাদের মাঝে ভর্তুকি এবং ত্রাণ প্রদান করা হবে।

বিবৃতির তথ্যানুযায়ী, এবারের ভর্তুকি প্রদানে প্রতিষ্ঠানগুলোর পূর্ব সঞ্চয়ের হিসাব প্রয়োজন হবে। উন্নয়নের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে পুনর্নির্ধারণের মাধ্যমে তাদের এ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানানো হয়। ভারতে আঘাত হানা করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সামগ্রিক অবস্থার অবনতি হওয়ায় মাসব্যাপী লকডাউনের মতো সিদ্ধান্ত গ্রহণ করে সিঙ্গাপুর সরকার। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

আগামী ১৩ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে দেশটিতে ওয়ার্ক ফ্রম হোমের চর্চা পুনরায় শুরু হয়। সেই সঙ্গে হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া এবং বাইরে একত্রে দুজনের বেশি অবস্থান না করার ব্যাপারেও বিধিনিষেধ আরোপ করা হয়।

সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং বলেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। তাই ভবিষ্যতে নতুন করে আর কোনো কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হবে না।

(এসএএম/৩১ মে ২০২১)


Comment As:

Comment (0)