তিন দেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক: নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টেইনের সঙ্গে ব্রেক্সিট-উত্তর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা বিবিসি।
লিজ ট্রাস বলেন, চুক্তিটি ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করবে। বর্তমানে উভয় পক্ষের দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার ২ হাজার ১৬০ কোটি পাউন্ড।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে নরওয়ের বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে যুক্তরাজ্য। ডিজিটাল খাত চাঙ্গা হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের পনির ও মাংসের মতো কৃষি খাত শুল্ক হ্রাসের সুবিধা পাবে। ইউরোপিয়ান কমন ফিশারিজ পলিসির অংশ না হওয়ায় ব্রিটেনকে সরাসরি নরওয়ের সঙ্গে কাজ করতে হচ্ছে। ফলে নরওয়ে উপকূলবর্তী আর্কটিক মহাসাগরে মাছ ধরার সুযোগ পাচ্ছে ব্রিটিশ জেলেরা। নরওয়ের অভ্যন্তরীণ বাজার ব্রিটিশ মাংস ও পনির খাতের জন্য উন্মুক্ত করে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নরওয়ের খামারিরা।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম এনআরকের বরাতে জানা গেছে, ৫৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশটি ছোট হলেও শক্তিশালী ক্রয়ক্ষমতার কারণে বহির্বিশ্বের জন্য বেশ আকর্ষণীয় গন্তব্য হচ্ছে নরওয়ে। অর্থনৈতিক দিক থেকে এ চুক্তি নরওয়ে ও আইসল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ হলেও ব্রেক্সিট-উত্তর ব্রিটেনের জন্য তা রাজনৈতিক গুরুত্ববহ।
(এসএএম/০৭ জুন ২০২১)



