বিশ্ববাজারে ভিয়েতনামের টেক্সটাইল ও পাদুকা শিল্পের চাহিদা বাড়ছে

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথম পাঁচ মাসে টেক্সটাইল-গার্মেন্টস, চামড়া ও পাদুকা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ভিয়েতনাম। আলোচ্য সময়ে বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রফতানি বাজারে দেশটির এসব পণ্য ইতিবাচক ইঙ্গিত বয়ে নিয়ে এসেছে। খবর: ভিয়েতনাম টাইমস।

বছরের প্রথম পাঁচ মাসের ভিয়েতনামের রফতানি আয় পর্যালোচনা করে দেখা গেছে, গত বছরের তুলনায় ভিয়েতনামের স্থানীয় গার্মেন্ট ও টেক্সটাইল খাতের উৎপাদন সূচক বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১ শতাংশ। পাশাপাশি, দেশটির তৈরি পোশাক শিল্প খাতের প্রবৃদ্ধি ঘটেছে ৯ দশমিক ১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামের অভ্যন্তরীণ চামড়া শিল্প ও এর সঙ্গে সংযুক্ত অন্যান্য শিল্পের প্রবৃদ্ধি ঘটেছে ১২ শতাংশ।

গত বছরের এ সময়ের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামের গার্মেন্ট শিল্প থেকে ১৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়ে ১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে ফাইবার ও সুতার রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশের মতো। এছাড়া জুতা ও স্যান্ডেলের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২৬ দশমিক ৪ শতাংশ, যার রফতানি আয় ৮০০ কোটি ডলারের বেশি।

অভ্যন্তরীণ টেক্সটাইল ও পোশাক শিল্প খাতে গত বছরের একই সময়ের তুলনায় প্রথম চার মাসের রফতানি আয় ১৩ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৭৪ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশন (ভিআইটিএএস) প্রকাশিত এক তথ্যে এমনটা দেখা যায়।

বর্তমান এ প্রবৃদ্ধি বজায় রেখে ভিআইটিএএস চেয়ারম্যান ভো ডুক জিয়াং চলতি বছরে ৩ হাজার ৯০০ কোটি ডলারের রফতানি আয় অর্জন করার ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেন।

(এসএএম/০৮ জুন ২০২১)


Comment As:

Comment (0)