সৌরবিদ্যুৎ খাতে হাজার কোটি ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স

বিনিয়োগবার্তা ডেস্ক:  আগামী তিন বছরের মধ্যে জ্বালানি খাতে ১ হাজার ১০ কোটি ডলার (৭৫ হাজার কোটি ভারতীয় রুপি) বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ আম্বানি।

বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান, তার কোম্পানি জ্বালানি খাতে বিনিয়োগস্বরূপ সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ মজুদের জন্য ব্যাটারি কারখানা তৈরি করবে। পাশাপাশি রিলায়েন্স গ্রুপ ফুয়েল সেল উৎপাদন কারখানা ও গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য ইলেকট্রোলাইজার ইউনিটও স্থাপন করবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল শোধন ও পেট্রোকেমিক্যাল থেকে ৬০ শতাংশ রাজস্ব আয় অর্জন করা রিলায়েন্সের জ্বালানি খাতে এ বিনিয়োগের মধ্যে ৬০ হাজার কোটি ভারতীয় রুপি ব্যয় করা হবে সোলার মডিউল, ফুয়েল সেল, হাইড্রোজেন ও ব্যাটারি কারখানা তৈরিতে। বাকি ১৫ হাজার কোটি রুপি ব্যয় করা হবে ভ্যালু চেইন ও অন্যান্য অংশীদারিত্বের ক্ষেত্রে।

মার্কিন ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ রেটিংয়ের এক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের মার্চের মধ্যে রিলায়েন্স গ্রুপের বার্ষিক গড় মূলধন ব্যয় দাঁড়াবে ৭৪০ কোটি ডলারে। তিন বছর ধরে গ্রিন এনার্জি খাতে ১ হাজার ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা মতে এ ধারণা দেয় ফিচ রেটিং। ব্লুমবার্গ গ্রিনের গত বছরের তথ্যানুসারে, বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি খাতভিত্তিক ব্যবসায় বিশ্বের মধ্যে চতুর্থ ধনীর তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি।

নতুন এ ব্যবসা ধীরুবাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স নামে পরিচিত হবে। এর আওতায় ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে রিলায়েন্স। এর পরিমাণ উল্লিখিত সময়ের মধ্যে ভারতের পুনর্নবায়নযোগ্য জ্বালানির মোট চাহিদার (৪৫০ গিগাওয়াট) এক-পঞ্চমাংশের বেশি হবে বলে জানা যায়। ফলে চলতি দশকের শেষ নাগাদ দেশটির মোট বিদ্যুতের চাহিদার ৪০ শতাংশ আসবে গ্রিন এনার্জি খাত থেকে।

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগের পরিকল্পনা করলেও জীবাশ্ম জ্বালানি ও পেট্রোকেমিক্যাল থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছে না রিলায়েন্স গ্রুপ। এমনটাই জানিয়েছেন কোম্পানিটির স্বত্বাধিকারী মুকেশ আম্বানি। তিনি জানান, দুই বছর আগে পরিকল্পনা অনুসারে সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানি কর্তৃক জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারটি চলতি বছরে শেষ হতে যাচ্ছে। এ সময় বিস্তারিত বিবরণ প্রকাশ না করেই আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল রুমাইয়ান রিলায়েন্সের পরিচালনা পর্ষদে যোগদান করতে পারেন বলে জানান আম্বানি।

(এসএএম/২৭ জুন ২০২১)


Comment As:

Comment (0)