ইউএইতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে এইচএসবিসি

বিনিয়োগবার্তা ডেস্ক:  বৈশ্বিক বাজারে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বড় কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য ৫০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এইচএসবিসি। খবর: গালফ নিউজ।

এইচএসবিসি ইউএইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল ফাত্তাহ শারাফ জানান, চলতি বছর আরব আমিরাত তার প্রতিষ্ঠার গোল্ডেন জুবিলি পালন করবে। একই সঙ্গে এ অঞ্চলে প্রথম ব্যবসা প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উদযাপন করবে এইচএসবিসি। ফলে এ অঞ্চলের ব্যবসায়ীদের জন্য শক্তিশালী সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করার এটিই শ্রেষ্ঠ সময়। এর মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ভবিষ্যেক আরো উন্নত করার জন্য যেসব উদ্যোগ নিয়েছেন তা পূরণ করতে পারবেন।

এইচএসবিসি নেভিগেটর ২০২০-এর প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শেষ নাগাদ আমিরাতের ৮১ শতাংশ কোম্পানি তাদের ব্যবসায়িক মূলধন বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে, অন্যদিকে একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী অন্যান্য দেশের ৬৬ শতাংশ কোম্পানি একই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী দেড় বছরের মধ্যে আমিরাতে ৯০ শতাংশ কোম্পানি তাদের ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে, অন্যদিকে একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী অন্যান্য দেশের ৭২ শতাংশ কোম্পানি একই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রতিবেদনটিতে দেখা যায়, আমিরাতের ৯৯ শতাংশ কোম্পানি পরিবেশগত ও স্থায়ী বিনিয়োগে মূলধন বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ দেখতে পাচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাপী অন্যান্য দেশের কোম্পানিগুলোর মধ্যে এমন সম্ভাবনার হার ৯০ শতাংশ।

আব্দুল ফাত্তাহ শারাফ জানান, আমাদের প্রতিবেদন অনুসারে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে, আমিরাতের কোম্পানিগুলো আন্তর্জাতিক ও স্থায়ী বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এক্ষেত্রে ২০২৩ সালের মধ্যে আমাদের ৫০০ কোটি ডলারের সহায়তা কোম্পানিগুলোকে নতুন বাজারে প্রবেশ, সরবরাহ চেইন পুনর্গঠন, নতুন উদ্যোগ গ্রহণ ও আমিরাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, আমিরাতি গ্রাহকদের সহায়তা করার জন্য আমাদের আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যালান্স শিট ব্যবহার করব। স্থায়ী ও ডিজিটাল ভবিষ্যতে কোম্পানিগুলোকে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও স্থায়িত্ব ধরে রাখতে এটি উপযুক্ত সমর্থন দেবে।

এইচএসবিসি জানায়, সবুজ বিনিয়োগে ছাড় প্রদান ও স্বীকৃতি, লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি পরিকল্পনা ও ব্যবসাকেন্দ্রিক মুনাফা যেমন সবুজ বাণিজ্য মূল্যায়ন ও সুবিধার আওতায় বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এ সহায়তা করা হবে।

(এসএএম/২৮ জুন ২০২১)

 


Comment As:

Comment (0)