রিয়াদে নতুন বিমানবন্দর নির্মাণ করবে সৌদি আরব
বিনিয়োগবার্তা ডেস্ক: রিয়াদে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরব। পর্যটন খাতের প্রবৃদ্ধিতে সহায়তা করতে এমন পরিকল্পনা করছে দেশটি। এক্ষেত্রে সার্বভৌম সম্পদ তহবিল ব্যবহার করতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর: আরব নিউজ।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শুরুতে ৪৩ হাজার কোটি ডলারের এ তহবিল ঘোষণা দিয়েছিল সৌদি। দেশে পর্যটক বাড়াতে উড়োজাহাজ খাতে বিনিয়োগের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একই সময়ে নতুন একটি এয়ারলাইনসেরও ঘোষণা দেয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, এ এয়ারলাইনস পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের পরিষেবা দেবে। অন্যদিকে সৌদি জাতীয় উড়োজাহাজ সংস্থাটি ধর্মীয় পর্যটক পরিবহন করবে। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়াদে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করতে চাইছে। তবে পরিকল্পনা পর্যায়ে থাকা বিমানবন্দরটির সুযোগ-সুবিধা, আকার কিংবা সময়সীমা নির্ধারণ করা হয়নি।
২০৩০ সাল নাগাদ বছরে ১০ কোটি পর্যটক আকৃষ্ট করার জন্য সৌদি আরবের লক্ষ্য আরো বাড়িয়ে তুলছে। দেশটির উচ্চাভিলাষী এ লক্ষ্যও ২০১৯ সালের তুলনায় ছয় গুণ বেশি। এছাড়া প্রকল্পটি জ্বালানি তেল থেকে দূরে সরে অর্থনীতি বৈচিত্র্যপূর্ণ করার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
(এসএএম/২৮ জুন ২০২১)



