জুনে ভারতের রফতানি আয়ে উল্লম্ফন

বিনিয়োগবার্তা ডেস্ক: সদ্য সমাপ্ত জুন মাসে ভারতের রফতানি আয় ৩ হাজার ২৪৬ কোটি ডলারে পৌঁছেছে। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ দশমিক ৩৪ শতাংশ বেশি। খবর: দ্য প্রিন্ট।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণও ৯৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের জুনে রফতানি আয় ছিল ২ হাজার ২০০ কোটি ডলার এবং ২০১৯ সালের জুনে ২ হাজার ৫০০ কোটি ডলার।

চলতি বছরের মে মাসে দেশটি থেকে ৩ হাজার ২২৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। তারও আগের মাসে এর পরিমাণ ছিল ৩ হাজার ১০০ কোটি ডলার।

রফতানির পাশাপাশি দেশটির আমদানিতেও উল্লম্ফন দেখা গেছে। গত মাসে ভারতের আমদানি ৯৬ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮৬ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত বছরের জুনে ২ হাজার ১৩২ কোটি ডলারের পণ্য আমদানি করেছিল দেশটি। এছাড়া ২০১৯ সালের জুনে ৪ হাজার ১০০ কোটি ডলারের আমদানি হয়েছিল।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জুনে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৯৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২০২০ সালের জুনে ৭১ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্তের রেকর্ড হয়েছিল। ২০১৯ সালের এ সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৬০০ কোটি ডলার।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে রফতানি আয় বেড়ে ৯ হাজার ৫৩৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি গত বছরের একই সময়ে ৫ হাজার ১৪৪ কোটি ডলার ছিল।

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এপ্রিল-জুন সময়ের এ চিত্র ভারতের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ পণ্য রফতানির রেকর্ড। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে ৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। এছাড়া গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৯ হাজার কোটি ডলারের পণ্য রফতানির রেকর্ড হয়েছিল।

তিনি বলেন, চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি ডলারের রফতানি আয়ের লক্ষ্য অর্জনে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করছে। এপ্রিল-জুন সময়ে আমদানির পরিমাণ ছিল ১২ হাজার ৬১৪ কোটি ডলার। এটি গত বছরের একই সময়ে ৬ হাজার ৬৫ কোটি ডলার থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

(এসএএম/০৪ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)