এক হাজার ৬৭০ কোটি ডলারে সিডনি বিমানবন্দর অধিগ্রহণের প্রস্তাব
বিনিয়োগবার্তা ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরকে ১ হাজার ৬৭০ কোটি ডলারে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে আইএফএম ইনভেস্টরস, পেনশন ফান্ড কিউসুপার ও গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম।
তবে কর্তৃপক্ষ বলছে, মহামারীর আগে শেয়ারবাজারে প্রতিষ্ঠানের যে মূল্য ছিল তার চেয়ে কম মূল্য প্রস্তাব করা হয়েছে। তাই বিষয়টি এখনো বিবেচনাধীন।
এদিকে কেনার প্রস্তাবের খবর প্রকাশ হতেই সিডনি বিমানবন্দরের শেয়ারের দাম এক লাফে ৩০ শতাংশ বেড়েছে। যদি চুক্তিটি সফল হয়, তাহলে এটি হবে চলতি বছর দেশটির সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি।
গত সপ্তাহেই অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, আন্তর্জাতিক যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। এর পর পরই সিডনি বিমানবন্দরটি কিনে নেয়ার প্রস্তাব এল। করোনা মহামারী ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় আন্তর্জাতিক যাত্রী সংখ্যা কমেছে।
গত মে মাসে সিডনি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০১৯ সালের একই সময়ের তুলনায় তাদের আন্তর্জাতিক যাত্রী পারাপার কমেছে ৯৩ শতাংশ। একই সময়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন কমেছে ৩৯ দশমিক ২ শতাংশ। গত ১৪ জুলাই থেকে সপ্তাহে কেবল তিন হাজার যাত্রী পরিবহনের নিয়ম বেঁধে দিয়েছে দেশটি। সম্ভবত নিয়মটি চলতি বছরজুড়েই বহাল থাকবে।
(এসএএম/০৭ জুলাই ২০২১)



