অবশেষে ইরাকে যুদ্ধ সমাপ্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিনিয়োগবার্তা ডেস্ক: অবশেষে চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে ১৮ বছর ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ বছরের শেষের দিকে মার্কিন বাহিনী ইরাকে তাদের যুদ্ধ মিশন শেষ করবে। তবে তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে।
স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমির সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের কৌশলগত আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউসে এটাই তাদের প্রথম কোনো মুখোমুখি বৈঠক। এ বৈঠকের পরই ইরাকে যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দেন বাইডেন।
তিনি বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে; কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। তবে এ সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা- সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন।
উল্লেখ্য, ইরাকি প্রধানমন্ত্রী কাজেমি গত রোববার রাতে এমন সময় যুক্তরাষ্ট্রে পৌঁছান যখন তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ইরাকি পার্লামেন্টে পাস হওয়া আইন এখনও বাস্তবায়ন করা হয়নি। যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান শুরু করেছিল ২০০৩ সালের মার্চে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা।
(এমআইআর/২৭ জুলাই ২০২১)



