মুনাফায় ১০০ কোটি ডলারের মাইলফলক অর্জন টেসলার

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১)  মুনাফায় ১০০ কোটি ডলারের মাইলফলক অর্জন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা। করোনা মহামারী ও চিপস্বল্পতার মাঝেও বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাধ্যমে এ মুনাফা পেয়েছে প্রতিষ্ঠানটি। খবর: অ্যাসোসিয়েটেড প্রেস।

 

মুনাফার এ ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি দুই বছরের অগ্রগতির একটি চিত্র উপস্থাপন করেছে। সাম্প্রতিক সময়ে টেসলার উৎপাদন সমস্যা ও আর্থিক ক্ষতি নিয়ে দীর্ঘসময় বাজারে থাকার ব্যাপারে যে প্রশ্নের সৃষ্টি হয়েছিল এ মুনাফা প্রতিবেদন সেটি মুছে দিয়েছে।

 

প্রতিষ্ঠানটি এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রতি শেয়ার বাবদ ১ দশমিক শূন্য ২ ডলার করে ১১০ কোটি ডলার আয় করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় যা ১০ গুণ বেশি। গত বছরের তুলনায় রাজস্বের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

 

টেসলার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩ হাজার কোটি ডলারের কাছাকাছি। অন্যান্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের তুলনায় যা অনেক বেশি এবং দুই বছর আগে প্রতিষ্ঠানের যে মূল্য ছিল তার থেকে প্রায় ১৪ গুণ বেশি।

 

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক ১৬ হাজার ৩০০ কোটি ডলার সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় ধনকুবের হিসেবে জায়গা করে নিয়েছেন।

 

তবে সাম্প্রতিক সময়ের সফলতা ছাড়িয়ে, চলমান চিপ সংকটের কারণে টেসলা আবারো ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। চিপস্বল্পতা ও সংকটের কারণে বিশ্বের অন্যান্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন বন্ধ করে দিলেও টেসলা তাদের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে গাড়ি উৎপাদনে সক্ষম হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সংখ্যক চিপ সংরক্ষণ করেছিল।

 

সবশেষ প্রান্তিকে টেসলা মাত্র তিন মাসে ২ লাখ ৬ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বপ্রথম। সেই সঙ্গে টেক্সাসের অস্টিনে নতুন স্থাপিত কারখানায় মডেল ওয়াই এবং এসইউভি উৎপাদনের প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

 

(এসএএম/২৮ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)