দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার কোটি ডলারের মুনাফা করেছে ফেসবুক
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) এক হাজার কোটি ডলার মুনাফা করেছে ফেসবুক। বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধিতে এ মুনাফা করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।
সম্প্রতি প্রকাশিত আয়ের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
এআর, ভিআর, ডিজিটাল মুদ্রা ও মেটাভার্সের মতো সুযোগ নিয়ে ২০২১-এর দ্বিতীয়ার্ধ নিয়ে আরো উচ্চাভিলাষী ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। খবর: এপি।
ক্যালিফোর্নিয়ার মেনলোপার্কভিত্তিক কোম্পানিটি জানায়, এপ্রিল-জুন’২১ প্রান্তিকে ফেসবুকের মুনাফা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ডলার। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ দশমিক ৬১ ডলার। গত বছরের একই প্রান্তিকে ফেসবুকের আয় হয়েছিল ৫১৮ কোটি ডলার।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট আয় গত বছরের ১ হাজার ৮৩২ কোটি ডলার থেকে ৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ কোটি ডলার।
বর্তমানে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের বিভিন্ন চাপের মুখে থাকলেও মুনাফা দ্বিগুণ করতে সক্ষম হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এর পেছনে বড় ভূমিকা পালন করেছে বিজ্ঞাপনের গড় মূল্য বৃদ্ধি। বর্তমানে প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীকে বিজ্ঞাপন বাজারের আওতায় যুক্ত করতে সক্ষম হয়েছে ফেসবুক। চলতি বছরের দ্বিতীয়ার্ধ নিয়ে জাকারবার্গ আশাবাদী হলেও অন্যরা ততটা নন। ইমার্কেটার বিশ্লেষক ডেব্রা আহো উইলিয়ামসন বলেন, দ্বিতীয় প্রান্তিকের আয়ে বেশ সক্ষমতা দেখিয়েছে ফেসবুক। এতে অ্যাপলের আইওএস আপডেটের তেমন প্রতিফলন দেখা যায়নি। ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের উচ্চ চাহিদা বিজ্ঞাপন হার বাড়াতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন মূল্য বছরওয়ারি ৪৭ শতাংশ বৃদ্ধিতে ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে। এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন দেখানোর হার বেড়েছে ৬ শতাংশ। ফেসবুক আশা করছে বিজ্ঞাপন দেখানোর হার নয়, বিজ্ঞাপন মূল্য বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি পাবে দ্বিতীয়ার্ধে। জুন নাগাদ ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯০ কোটি, যা গত বছরের একই মাসের চেয়ে ৭ শতাংশ বেশি।
গত বুধবার পৃথক এক ঘোষণায় সকল কর্মীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করার কথা জানিয়েছে ফেসবুক। স্বাস্থ্য বা অন্য কোন কারণে এর ব্যত্যয় ঘটতে পারে। একই দিনে কর্মীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলকের কথা জানিয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
(এসএএম/০১ আগস্ট ২০২১)



