আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন বিল গেটস-মেলিন্ডা
বিনিয়োগবার্তা ডেস্ক: অবশেষে আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি ঘটল। বিচ্ছেদের ঘোষণা দেয়ার তিন মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন তারা। এর আগে গত ৩ মে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী তাদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন। তবে বিচ্ছেদের পর তার কেউই নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেননি বলে জানা গেছে।
বিচ্ছেদের চুক্তি অনুযায়ী, তাদের নিজেদের সম্পত্তি ভাগ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে বিচ্ছেদের ঘোষণা দিতে গিয়ে বিল-মেলিন্ডা বলেন, আমরা যুগল হিসেবে আর পথ চলতে পারবো বলে আমাদের মনে হয় না। নিজেদের সম্পর্কের ওপর অনেক নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় ১৯৯৪ সালে গড়ায় পরিণয়ে। তাদের এ ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।
এই যুগল দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’র যৌথ পরিচালক। সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে।
প্রভাবশালী সাময়িকী ফোর্বসের তালিকায়, বিল গেটস এখন বিশ্বের চতুর্থতম সম্পদশালী ব্যক্তি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ১৩ হাজার কোটি ডলারের মালিক বিল গেটস। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। এই সম্পত্তির মধ্যে আবার মেলিন্ডারও অংশ রয়েছে। বিল গেটস নিজ দেশ যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক। তার মালিকানায় রয়েছে ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমি। তবে দেশটির ১৮টি অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা এসব কৃষিজমিতে যৌথ মালিকানা রয়েছে মেলিন্ডারও। এর মধ্যে লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানসাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে।
এদিকে যৌথভাবে বিল এবং মেলিন্ডার মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার। যৌথ সম্পত্তি ছাড়াও তাদের নিজস্ব আলাদা সম্পত্তিও রয়েছে। তবে শুধুমাত্র যৌথ সম্পত্তিই দুজনে ভাগ করে নেবেন।
এদিকে এই দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই হতবাক হয়ে গেছেন। তাদের দাম্পত্য জীবনে কখনও বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। বিভিন্ন সময় হাসি-খুশি ভাবেই এই দম্পতিকে এক সঙ্গে দেখা গেছে।
বিল এবং মেলিন্ডার পরিচিতজনরা বলছেন, বিচ্ছেদের পর এই বিশাল পরিমাণ সম্পত্তি দুজনের মধ্যে ভাগ করা মোটেই সহজ নয়। তাই বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের আপস-রফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, সে বিষয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
(এসএএম/০৩ আগস্ট ২০২১)



