দুবাই ইনভেস্টমেন্টের মুনাফা বেড়েছে ৪৭ শতাংশ
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথমার্ধে ৪৭ শতাংশ মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান দুবাই ইনভেস্টমেন্ট। নোভেল করোনাভাইরাস-পরবর্তী সময়ে দেশটির উৎপাদন, চুক্তি ও সম্পদের পোর্টফোলিও বৃদ্ধি পাওয়া এবং আরব আমিরাতের অর্থনীতি উন্নতির দিকে অগ্রসর হওয়ায় এ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। খবর: দ্য ন্যাশনাল।
দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনে শেষ হওয়া বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) দুবাই ইনভেস্টমেন্টের নিট আয় বেড়ে ৮ কোটি ২৩ লাখ ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে শেয়ার লেনদেনের মুহূর্তে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় কোম্পানিটি।
এতে বলা হয়, বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট আয় ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭২ কোটি দিরহাম। কোম্পানির সম্পদ বিনিয়োগের পোর্টফোলিও বিক্রির পরিমাণ বাড়ায় এ আয় অর্জন করেছে তারা। বছরের প্রথমার্ধে তাদের সম্পদ বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৭০ লাখ দিরহাম। গত বছরের একই সময়ে তাদের সম্পদ বিক্রির পরিমাণ ছিল ২ কোটি ৫২ লাখ দিরহাম।
এদিকে চলতি বছরের নির্ধারিত সময়ে দুবাই ইনভেস্টমেন্টের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ১৩ লাখ দিরহাম, গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ কোটি ৯৪ লাখ দিরহাম।
(এসএএম/০৮ আগস্ট ২০২১)



