দ্বিতীয় প্রান্তিকে মডার্নার মুনাফা ২৮০ কোটি ডলার
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) মুনাফায় ফিরে এসছে মার্কিন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেক প্রতিষ্ঠান মডার্না। গত বছরের একই সময়ে লোকসানে পড়েছিল কেমব্রিজ, ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানিটি। খবর: দ্য ন্যাশনাল।
খবরে বলা হয়, করোনা প্রতিরোধি টিকা বিক্রিতে এ মুনাফা পেয়েছে মডার্ণা। এপ্রিল থেকে জুনে টিকা বিক্রিতে কোম্পানিটির নিট আয় বেড়ে ২৮০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে মডার্নার নিট লোকসানের পরিমাণ ছিল ১১ কোটি ৭০ লাখ ডলার।
দ্বিতীয় প্রান্তিকে মডার্নার আয় বেড়ে ৪৪০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ৬ কোটি ৭ লাখ ডলার। আর এ আয়ের পুরোটাই এসেছে কোম্পানিটির উৎপাদিত কোভিড-১৯ টিকা বিক্রির মাধ্যমে।
এদিকে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ছিল ৬৩০ কোটি ডলার। গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার।
মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ব্যান্সেল জানান, আমার টিম মডার্না নিয়ে গর্ববোধ করি। আমরা উন্নয়ন সরবরাহ আধুনিকায়নের মাধ্যমে বিগত প্রান্তিকে যথেষ্ট উন্নতি করেছি। বৈশ্বিক মহামারীর এ সময়ে দ্রুততার সঙ্গে উৎপাদন ও বাণিজ্যিক কাঠামো স্থাপনের মাধ্যমে এটি সম্ভব করেছি আমরা।
তিনি আরো বলেন, আমাদের উৎপাদিত কভিড টিকা ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ায় আমরা যথেষ্ট আনন্দিত। তবে চারদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখা দিয়েছে, যার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
স্টিফেন ব্যান্সেল বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে বছরে একটি বুস্টার ডোজ সরবরাহ করা। এ বুস্টার ডোজ কভিড-১৯, ফ্লু এবং আরএসভি থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্কদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
চলতি বছরে ২ হাজার কোটি ডলার সমমূল্যের কোভিড-১৯ টিকার ক্রয়াদেশ নিশ্চিত করেছে মডার্না। আগামী বছরের জন্য আরো ১ হাজার ২০০ কোটি ডলারের টিকা সরবরাহে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আরো ৮০০ কোটি ডলারের টিকা বাড়তি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি বছরের শুরু থেকে মডার্নার শেয়ারমূল্যও বৃদ্ধি পেয়েছে চারগুণ।
(এসএএম/০৮ আগস্ট ২০২১)



