ম্যাকডোনাল্ড’স কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক
বিনিয়োগবার্তা ডেস্ক: কর্মীদের জন্য কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেয়া বাধ্যতামূলক করেছে বিশ্ববিখ্যাত ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স করপোরেশন। টিকাদান সম্পূর্ণ হলে অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের কর্মীরা অফিসে এসে কাজে যোগদান করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্স।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, কোভিডের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ড’স। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং এনবিসি ইউনিভার্সাল যে টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছে তার সঙ্গে যোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুগল, উবার ও ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে তাদের কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) নতুন নির্দেশের পর সংস্থাগুলো এমন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে কর্মীদের মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে।
তবে এ টিকা দেয়ার বাধ্যবাধকতা ম্যাকডোনাল্ড’সের রেস্তোরাঁ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি শুধু করপোরেট কর্মীদের জন্য। আগামী সেপ্টেম্বরের ৭ থেকে অক্টোবরের ১১ তারিখের মধ্যে টিকা নিতে কর্মীদের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াল স্ট্রিটের ট্রেডিং ফ্লোরে প্রবেশ করতে হলে কোভিডের টিকা নিতে হবে।
(এসএএম/১৪ আগস্ট ২০২১)



