১৯৮ কোটি ডলারে এনএনআইপি অধিগ্রহণ করবে গোল্ডম্যান স্যাকস

বিনিয়োগবার্তা ডেস্ক: ডাচ বীমা প্রতিষ্ঠান এনএন গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনএন ইনভেস্টমেন্ট পার্টনার (এনএনআইপি) ক্রয় করতে যাচ্ছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। ১৭০ কোটি ইউরোর (১৯৮ কোটি ডলার) চুক্তিমূল্যে এ অধিগ্রহণ সম্পন্ন হবে।

শুক্রবার এনএন গ্রুপের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

২০১৮ সালে গোল্ডম্যানের শীর্ষ নির্বাহী হিসেবে ডেভিড সলেমনের দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগ ব্যাংকটির জন্য এটিই সর্ববৃহৎ অধিগ্রহণ চুক্তি।

সংশ্লিষ্টরা জানায়, চুক্তিটি সলেমনের গৃহীত কৌশলগুলোর একটি, যা রাজস্ব আহরণের ক্ষেত্রে বৈশ্বিক বাজার থেকে নির্ভরশীলতা হ্রাস করে এবং এক্ষেত্রে বিভিন্ন চুক্তির ওপর গুরুত্ব প্রদান করে।

এক বিবৃতিতে ডেভিড সলেমন বলেন, এ অধিগ্রহণের ফলে আমাদের প্রবৃদ্ধিসংক্রান্ত কৌশলগুলোকে আরো ত্বরান্বিত করতে পারব। একই সঙ্গে আমাদের সম্পদ ব্যবস্থাপনা প্লাটফর্মকে আরো সম্প্রসারণের সুযোগ লাভ করব।

বর্তমানে সম্পদ ব্যবস্থাপনার আওতায় এনএনআইপির মোট সম্পদের পরিমাণ ৩৩ হাজার ৫০০ কোটি ডলার। এ অধিগ্রহণ সম্পন্ন হলে ইউরোপীয় অঞ্চলে গোল্ডম্যান স্যাকসের সম্পদ ব্যবস্থাপনা প্লাটফর্মের মোট সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে উঠবে। ফলে ব্যাংকটির সম্পদের পরিমাণ ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

(এসএএম/২১ আগস্ট ২০২১)


Comment As:

Comment (0)