১০ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান হতে চায় ইনভেস্টকর্প
বিনিয়োগবার্তা ডেস্কঃ আগামী দিনগুলোর জন্য এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে বাহরাইনের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টকর্প।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আল আরধি বলেছেন, আগামী সাত বছরের মধ্যে ১০ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান হিসেবে ইনভেস্টকর্পকে দেখতে চান তিনি। কোম্পানির বর্তমান মূল্য ৪ হাজার কোটি ডলার। খবরঃ আরব নিউজ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, আগামী সাত বছরে আমরা ওই অবস্থানে পৌঁছতে পারব। অধিগ্রহণ, কোনো ধরনের বিকল্প পদ্ধতি প্রয়োগ ছাড়াই উন্নয়ন, যৌথ অংশীদারিত্ব ইত্যাদির মাধ্যমে আমরা কাজ করে যাব। এখন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা, ইউরোপ, উপসাগরীয় দেশগুলো ও এশিয়ায় কাজ করছি আমরা। আমাদের বাজারের ৮০ শতাংশই এসব দেশে। ফলে এখন যেমন চলছে তেমনভাবেই যদি চলে, তাহলে আমরা অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারব।
প্রতিষ্ঠানটি তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণ করে চলছে। তবে প্রয়োজন হলে এ মডেলও পরিবর্তন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এজন্য এখন তাদের লক্ষ্যবস্তু হলো টেকসই মূলধন ও প্রাতিষ্ঠানিক মূলধন। কোম্পানিটি মনে করছে, এখন ব্যক্তি খাতে চলে যাওয়াই তাদের জন্য সঠিক পদক্ষেপ। কারণ, প্রতিষ্ঠানকে এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত করার কাজ চলছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



