Samsung

স্যামসাংকে সাড়ে ৪ কোটি ডলার জরিমানা

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে স্যামসাংকে ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের ভোক্তা অধিকার নিশ্চিতকারী তদারককারী সংস্থা। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে অভিযোগ, তারা নেদারল্যান্ডসের অনলাইন রিটেইলারদের বেশি দামে টেলিভিশন সেট বিক্রি করার জন্য ‘অত্যধিক চাপ’ সৃষ্টি করেছিল।

এনএল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের রিটেইলাররা নিজেদের ইচ্ছামতো দামে টেলিভিশন বিক্রি করতে চাইছিল। তবে স্যামসাং ওই সময় রিটেইলারদের চাপ দিয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য করে, যা বাজার প্রতিযোগিতা নীতিবিরুদ্ধ। এজন্য স্যামসাংকে সাড়ে ৪ কোটি ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের অথরিটি ফর কনজিউমার্স অ্যান্ড মার্কেটস (এসিএম)।

তবে অভিযোগ অস্বীকার করে ডাচ তদারক সংস্থার এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে স্যামসাং।

এসিএমের নীতিমালা অনুযায়ী দেশীয় খুচরা বিক্রেতারা তাদের সাধ্যমতো টেলিভিশনের মূল্য নির্ধারণ করতে পারবেন। তবে স্যামসাং বা অন্য কোনো সংস্থার ক্ষেত্রে এ নিয়মটি প্রযোজ্য নয়। এসিএম সিইও মার্টিন স্নোপ জানান, উল্লিখিত সময়ে স্যামসাং নিজেদের মুনাফা বাড়ানোর লক্ষ্যে রিটেইলারদের নিজেদের পছন্দসই দামে পণ্য বিক্রি করতে দেয়নি, যা রিটেইল স্তরের প্রতিযোগিতায় ব্যাঘাত ঘটিয়েছে। এর ফলে ক্রেতাদেরও বেশি দামে টিভি কিনতে হয়েছে।

এসিএম আরো অভিযোগ করেছে, দাম বেঁধে দিয়ে স্যামসাং ওই সময় পুরনো মডেলগুলোও বেশি দামে বিক্রি করেছে। জনপ্রিয় কোম্পানি হওয়ায় রিটেইলাররা বাধ্য হয়েছে তাদের টিভি বিক্রি করতে।

বিনিয়োগবার্তা/ডিএফই/
  


Comment As:

Comment (0)