১৯ মাস পর পর্যটকদের জন্য ভারত যাওয়ার সুযোগ
১৯ মাস পর ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। নভেল করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় টিকার ডোজ পূর্ণকারী ব্যক্তিরা শুক্রবার থেকে ভারতে যেতে পারবেন। শুক্রবার থেকে চার্টার্ড ফ্লাইটে আসা ব্যক্তিদের পর্যটক ভিসা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক ফ্লাইটে আগত বিদেশি পর্যটকরা ভিসা পাবেন ১৫ নভেম্বর থেকে।
এপি ও বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালের মার্চের পর বিদেশিদের জন্য করোনা লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় ভারত ভ্রমণের সুযোগ। তবে কোয়ারেন্টিন করতে হবে কিনা তা জানানো হয়নি। বলা হয়েছে, করোনা টিকার ডোজ সম্পন্ন থাকতে হবে। সেসঙ্গে ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে।
চলতি মাসের শুরুর দিকে এ সিদ্ধান্তের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘোষণা দেয়। বর্তমানে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ২০ হাজারের নীচে নেমে এসেছে। গত মে মাসে এই সংখ্যা ছিল ৪ লাখ। টিকা গ্রহণকারীর সংখ্যাও আগের তুলনায় বেশ বেড়েছে। ভারত সরকারের হিসাবে ৯৭ কোটি মানুষ এরই মধ্যে টিকার অন্তত ১টি ডোজ গ্রহণ করেছেন, যা শতকরা হিসাবে ৭০ ভাগ। উল্লেখ্য ভারতের মোট জিডিপির ৭ ভাগ আসে পর্যটন খাত থেকে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



