গভীর সমুদ্রে পর্যটনকেন্দ্র গড়ে তুলবে সৌদি আরব
পর্যটন খাতে নতুনত্ব আনতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চায় দেশটি। এজন্য ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদি কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গভীর সমুদ্রে পর্যটনকেন্দ্র গড়ে তোলা। খবর: অ্যারাবিয়ান বিজনেস।
মূলত গভীর সমুদ্রের তেল-গ্যাসক্ষেত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়েই এ পরিকল্পনা করা হয়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ঘোষিত নতুন এ প্রকল্পের নাম দেয়া হয়েছে দ্য রিগ। যেটির আয়তন হবে দেড় লাখ বর্গমিটারের বেশি। এতে থাকবে তিনটি বিলাসবহুল হোটেল, বিশ্বমানের রেস্তোরাঁ ও বিভিন্ন ধরনের রোমাঞ্চকর কার্যক্রমের আয়োজন।
তবে এ প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে সে সম্পর্কে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। দ্য রিগের প্রচারে যে ভিডিও তৈরি করা হয়েছে সেখানে দেখা গেছে, এতে থাকবে রোলার কোস্টার, ওয়াটার স্লাইট, ডাইভিংসহ নানা আয়োজন। পিআইএফের পক্ষ থেকে এ ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এক বিবৃতিতে পিআইএফ জানিয়েছে, প্রকল্পটি হবে পর্যটকদের জন্য অনন্য আকর্ষণ। আশা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের এটি আকৃষ্ট করতে সক্ষম হবে। বিশেষ করে এ অঞ্চলের দেশগুলোর মানুষের ভ্রমণের কেন্দ্র হতে চায় সৌদি আরব। সৌদি আরবের পর্যটন ও বিনোদন খাতের জন্য পিআইএফের নেয়া ২০২১-২৫ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে। এর মাধ্যমে সৌদি ভিশন-২০৩০ অর্জন হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
বিশ্বের পর্যটন খাতে শীর্ষ গন্তব্য হয়ে উঠতে চায় সৌদি আরব। সেজন্য পিআইএফ নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে এজন্য নানা ধরনের স্থাপনা ও সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে। রেড সি ডেভেলপমেন্ট কোম্পানি, আলসৌদাহ ডেভেলপমেন্ট কোম্পানি ও দ্য ক্রুস সৌদি কোম্পানির মাধ্যমে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এরই মধ্যে পর্যটন নিয়ে নানা ধরনের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা প্রকাশ করেছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে ২০৩০ সাল নাগাদ পর্যটন খাতকে দেশের জিডিপিতে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী হিসেবে গড়ে তোলা। এখন দেশের জিডিপিতে এ খাতের অবদান ৩ দশমিক ৬ শতাংশ। ২০৩০ সালে এটিতে ১০ শতাংশে উন্নীত করতে কাজ শুরু হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



