ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড

ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) ৯ শতাংশ মুনাফা বেড়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ডের (ইউবিএস)। খবর: রয়টার্স।

 

কভিডজনিত বিপর্যয় কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রমে উল্লম্ফন বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে ২০১৫ সালের পর প্রান্তিকভিত্তিক সবচেয়ে বেশি মুনাফা অর্জনে সহায়তা করেছে।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ২২৭ কোটি ৯০ লাখ ডলার নিট মুনাফা পেয়েছে সুইজারল্যান্ডের বৃহত্তম এ ব্যাংক। দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ২০০ কোটি ডলার।

 

ইউবিএসের প্রধান নির্বাহী রাল্ফ হ্যামারস এক বিবৃতিতে বলেন, আমাদের ব্যবসায়িক গতিবেগ, প্রবৃদ্ধির ওপর আমাদের ফোকাস, সুশৃঙ্খল কার্যসম্পাদন ও ক্লায়েন্টদের কাছে আমাদের সম্পূর্ণ ইকোসিস্টেম সরবরাহের মতো বিষয়গুলো আরেকটি শক্তিশালী প্রান্তিকের দিকে নিয়ে গেছে।

 

গত চার প্রান্তিকের প্রতিটিতে দুই অংকের নিট মুনাফা বেড়েছে ইউবিএসের। বড় বাজারগুলোর ধনীদের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ইউবিএসকে অধিক উপার্জন করতে সহায়তা করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাজারের অনুকূল পরিস্থিতি এবং ধনী গ্রাহকদের মধ্যে উচ্চতর ঋণ ও লেনদেন অপ্রত্যাশিতভাবে গত বছরের একই সময়ে আয়ের বাম্পার স্তরের তুলনায়ও ব্যাংকটির আয় বাড়াতে সহায়তা করেছে। কভিডের বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধার হওয়ায় মার্কিন ও ব্রিটিশ ব্যাংকগুলো তৃতীয় প্রান্তিকে শক্তিশালী মুনাফার দেখা পেয়েছে। আর্থিক চুক্তি সম্পাদনের বিষয়গুলো গোল্ডম্যান স্যাকস ও জেপি মরগানের মুনাফা রেকর্ড উচ্চতায় ঠেলে দেয়।

 

ইউবিএসের বিনিয়োগ ব্যাংকিং বিভাগের করপূর্ব মুনাফা ৩২ শতাংশ বেড়েছে। পাশাপাশি ব্যাংকটির ফ্ল্যাগশিপ সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় করপূর্ব মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ। সুইস ব্যাংকটি মার্কিন ধনী ক্লায়েন্টদের জন্য একটি ডিজিটাল পরামর্শ মডেলও তৈরি করতে চায়। আগামী ফেব্রুয়ারিতে এ পরিষেবা চালু করতে পারবে বলে আশাবাদী সংস্থাটি। এটি ২০২৫ ভিশনের একটি অংশ বলে জানিয়েছে ইউবিএস।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)