জ্বালানি তেল ও গ্যাস ফার্মে বিনিয়োগ বন্ধ করবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক
দুই বছর আগেই জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছিল ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। এবার সেই বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ঋণদানকারী প্রতিষ্ঠানটি। খবর: দ্য গার্ডিয়ান।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ শুরুর কয়েকদিন আগে এমন ঘোষণা দিল ব্যাংকটি। ১৬০ দেশে কার্যক্রম পরিচালনা করা বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় ব্যাংকটি ২০১৯ সালেই ঘোষণা দিয়ে ‘জলবায়ু ব্যাংক’ হয়ে উঠতে চেয়েছিল।
ঘোষণা অনুযায়ী, দুই বছরের মধ্যে ব্যাংকটির জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোয় ঋণ বিতরণ কার্যক্রম থেকে বেরিয়ে আসার কথা ছিল। জলবায়ু আন্দোলনের বিজয় হিসেবে পদক্ষেপটিকে স্বাগতও জানানো হয়েছিল।
তবে পরিবেশ নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বলছে, ব্যাংকটি বেশ কয়েকটি ত্রুটি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
ব্যাংকটি এখন ইইউ ব্লকের জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে অসংগতিগুলো বন্ধে কাজ করছে। ২০২২ সাল থেকে ইআইবি পরিবেশ দূষণকারী সংস্থাগুলোকে ঋণ দেয়া বন্ধ করবে। এমনকি যেসব প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায়, সেসব সংস্থাও ইআইবি থেকে ঋণ পাবে না। এর মানে হলো, ইআইবি জ্বালানি তেল সংস্থার বায়ুবিদ্যুৎ প্রকল্পেও অর্থায়ন করবে না। ব্যাংকটি থেকে ঋণ নেয়া সব প্রতিষ্ঠানকে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর পরিকল্পনা তৈরি করতে হবে।
ইআইবির প্রেসিডেন্ট ওয়ার্নার ওয়ার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃস্থানীয় বহুপক্ষীয় ব্যাংকগুলোর একটি হিসাবে আমরা আমাদের জলবায়ু উচ্চাকাঙ্ক্ষাকে আরো বাড়িয়ে দিচ্ছি। ইআইবি এখন উচ্চ কার্বন নিঃসরণকারী সংস্থাগুলোর নিম্ন কার্বন প্রকল্পগুলোয় অর্থায়ন করবে না। বিনিয়োগ পেতে হলে সংস্থাগুলোর কার্যক্রম অবশ্যই প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য হতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



