১ ট্রিলিয়ন ডলার অবকাঠামো বিল পাস করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের অবকাঠামো খাতের উন্নয়নে ১ ট্রিলিয়ন ডলারের (১ লাখ কোটি ডলার) একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। পাসকৃত এসব অর্থ যুক্তরাষ্ট্রের সড়ক, সেতু, বন্দর, রেল যোগাযোগ, নিরাপদ পানি, বিদ্যুৎকেন্দ্র, ব্রডব্যান্ড ইন্টারনেটসহ বিভিন্ন নাগরিক সুবিধা খাতে ব্যয় করা হবে। খবর এপি।
দেশের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন নাগরিক সুবিধা নিশ্চিতে এ বিল পাস করা হয়েছে বলে জানায় মার্কিন প্রশাসন। এটিকে মার্কিন প্রেসিডেন্ট একটি ঐতিহাসিক বিল হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে আন্তঃমহাদেশীয় রেল রোড এবং আন্তঃরাজ্য হাইওয়ে সিস্টেমের সঙ্গে এর তুলনা করা হয়েছে।
হোয়াইট হাউজ জানায়, এ বিনিয়োগের ফলে পরবর্তী কয়েক দশকজুড়ে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। এর মাধ্যমে প্রতি বছর মার্কিন পরিষেবা খাতে নতুন করে গড়ে ২০ লাখ কর্মসংস্থান যুক্ত হওয়ার প্রত্যাশা করছে মার্কিন প্রশাসন।
আইনে পরিণত হওয়া বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পুরনো মহাসড়ক, ব্রিজ ও সড়কগুলো সংস্কারে ব্যয় করা হবে ১১ হাজার কোটি ডলার। ২ লাখ ৮০ হাজার কিলোমিটার মহাসড়ক ও উল্লেখযোগ্য সড়ক এবং ৪৫ হাজার ব্রিজের বর্তমান অবস্থা চলাচলের জন্য উপযুক্ত নয় বলে জানায় মার্কিন প্রশাসন। সড়ক যোগাযোগ খাতে বরাদ্দ অর্থের মধ্যে ৪ হাজার কোটি ডলার ব্যয় করা হবে যুক্তরাষ্ট্রের ব্রিজগুলো সংস্কারে।
পাবলিক ট্রানজিট খাতে ব্যয় করা হবে ৩ হাজার ৯০০ কোটি ডলার। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এ পরিমাণ অর্থ ব্যয় করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সড়ক যোগাযোগ সুবিধাজনক করাসহ অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারকে শূন্য স্বল্প কার্বন নিঃসরণযোগ্য বাস চালু করতেও অর্থ সরবরাহ করা হবে। মার্কিন সড়ক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ২৪ হাজারের বেশি বাস, পাঁচ হাজারের বেশি রেল গাড়ি, ২০০টি স্টেশন এবং কয়েকহাজার মাইল রাস্তা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সংস্কার করতে হবে।
বিনিয়োগর্বাতা/এসআর //



