স্যামসাং

যুক্তরাষ্ট্রের ফাউন্ড্রি শিল্পে ১৭০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে স্যামসাং

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফাউন্ড্রি শিল্পে শিগগিরই ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে স্যামসাং।

হোয়াইট হাউজের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে পরিকল্পনা চূড়ান্ত করবেন প্রযুক্তি জায়ান্টটির ভাইস চেয়ারম্যান লি জাই-ইয়ং। খবর: কোরিয়া হেরাল্ড।

 

চিপের সরবরাহ চেইনে চলমান বৈশ্বিক সংকট নিরসনে স্যামসাং কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে সম্প্রতি হোয়াইট হাউজের আমন্ত্রণ পান স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান। সেখানে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। কাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তা স্পষ্ট না হলেও যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭০০ কোটি ডলারের ফাউন্ড্রি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে যে কথা হয়েছে তা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি চিপ নির্মাণ কারখানা চালু করেছে স্যামসাং, যা দেশটিতে স্যামসাংয়ের প্রথম কোনো সেমিকন্ডাক্টর কারখানা।

 

ফাউন্ড্রি শিল্পে বিনিয়োগের বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে বলে আশা করা যাচ্ছে। লি দেশে ফিরলে চলতি সপ্তাহেই তা স্পষ্ট হবে। আগামী মঙ্গল কিংবা বুধবার দেশে ফেরার কথা রয়েছে স্যামসাংয়ের এ শীর্ষকর্তার।

 

ওয়াশিংটন ডিসিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শনিবার মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে গঠনমূলক বৈঠক করেছেন লি। এর আগে গত মঙ্গল ও বুধবার মডার্না ও ভেরাইজনের সিইওদের সঙ্গে বৈঠক করেছেন স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান।

 

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে চিপ, ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর), অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও মেটাভার্সের মতো পরবর্তী-প্রজন্মের প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন লি। কীভাবে একটি সফটওয়্যার ইকোসিস্টেম তৈরি করা যায় তা নিয়েও উভয়ের আলোচনা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)